

'নৃ' যাত্রা শুরু করেছিলো 'নৃ-নাট্য' হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০০০ সালে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে উঠে আসা বিভিন্ন বিভাগের কিছু তরুণ ছাত্র-ছাত্রীর সম্মিলিত প্রয়াস ছিলো সেটা। সবাই মিলে একসংগে একটা কিছু শুরু করবার তীব্র বাসনা থেকেই সেই সম্মিলন। কাছাকাছি সময়ে সাহিত্য আর লেখালেখিতে আগ্রহীরা একটা ছোট কাগজ বের করবার প্রস্তুতি নিতে থাকে, এবং জন্ম নেয় ছোট কাগজ 'দ'। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন এই ছাত্রদলটি নানামুখী সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত ছিলো যেমন, নাটক মঞ্চায়ণ, ছোট কাগজ প্রকাশনা, চলচ্চিত্র প্রদর্শনী, শীত-বস্ত্র সংগ্রহ ও বিতরণ ইত্যাদি। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাষ্ট্রীয় ইস্যুতেও সর্বদা সচেতন ও সোচ্চার। শুরু থেকেই ছাত্র-ছাত্রী সদস্য ছাড়াও ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে আমরা সবসময় সাথে পেয়েছি অনেক বন্ধুদের, যাদের সহায়তা ছাড়া অনেক কিছুই অসম্পূর্ন থেকে যেতো, তারা আছেন সবসময় আমাদের সংগে এক অচ্ছেদ্য বন্ধনে যুক্ত হয়ে।
২০০৩ এ সুন্দরবনের কটকা সমুদ্র সৈকতে এক মর্মান্তিক দূর্ঘটনায় এগারোটি তরুণ প্রাণ হারিয়ে যায় এবং নৃ-নাট্য হারায় তার অন্যতম একজন প্রতিষ্ঠাতা সদস্য এবং অভিনেতা, কবি, সংগঠক তৌহিদ এনাম অপুকে। পরবর্তীতে ওর স্মরণে প্রতিষ্ঠিত হয় তৌহিদ এনাম ফাউন্ডশন।
'নৃ' এখন আমাদের সকল সদস্য, সহযোগী, শুভাকংখী, যারা নৃ-নাট্য,দ এবং তৌহিদ এনাম ফাউন্ডেশনের সাথে নানাভাবে যুক্ত, তাদের সকলের মিলনমেলা। সকলকে সাথে নিয়েই আমরা এই পথ চলতে চাই, সামনে এগিয়ে যেতে চাই, মানুষের আরো কাছে, আমাদের স্বপ্নের কাছাকাছি।